বিশ্বকাপ ফুটবল ২০১৮ উদ্বোধনের আগে শিলিগুড়ি শহরে শোভাযাত্রা করলেন ফুটবল প্রেমীরা। অংশ নেন বিভিন্ন দলের সমর্থকরা। কখনও সুর চড়ল ব্রাজ়িল, কখনও আর্জেন্টিনা আবার কখনও ফ্রান্সের হয়ে। তবে এসবের মধ্যে কোথাও যেন রয়ে গেছে ভারত বিশ্বকাপে অংশগ্রহণ না করার দুঃখ। অংশগ্রহণকারীদের অনেকেই জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপে ভারত অংশগ্রহণ করলে আরও ভালো হত। তবে সবকিছু ভুলে আগামী একমাস যে তাঁরা ফুটবল জ্বরে কাঁপতে প্রস্তুত তাও জোর গলায় জানিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার থেকে রাশিয়ার মাটিতে শুরু হচ্ছে বিশ্বকাপ। শিলিগুড়ি ইতিমধ্যে ছেয়ে গেছে বিভিন্ন দলের ব্যানার, পোস্টারে। অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগে বাঘাযতীন পার্ক ময়দানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থাও করা হয়েছে।
বুধবার শিলিগুড়িতে বিশাল শোভাযাত্রায় পা মেলায় আট থেকে আশি। ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি শোভাযাত্রায় অংশ নেয় স্কুল পড়ুয়ারাও। বিভিন্ন দলের পতাকা ছাড়াও একটি বিশাল আকারের ফুটবলও ছিল সেখানে।
শিলিগুড়ির বাসিন্দা আলিশা দেব অংশ নিয়েছিলেন বুধবারের শোভাযাত্রায়। আর্জেন্টিনার সমর্থক তিনি। জানান, ছোটো থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা রয়েছে। তাঁর বাবা একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। সেই সুবাদেই খেলার প্রতি ভালোবাসা জন্মায়। সেই শুরু। তিনি স্পষ্ট জানিয়েছেন এবার বিশ্বকাপ ঘরে তুলবে প্রিয় দল আর্জেন্টিনা। তাঁর কথায়, ভারত ফুটবল বিশ্বকাপে অংশ নিলে ভালো হত।
ক্রীড়াপ্রেমী খোকন ভট্টাচার্য বলেন, “রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা চূড়ান্ত। তবে আমাদের আক্ষেপ একটাই যে ভারত এখনও বিশ্বকাপে স্থান পায়নি। তবে আগামী দিনে ভারত বিশ্বকাপে স্থান পাবে। সেই আশা রাখছি আমরা।”

No comments:
Post a Comment