ফেসবুকে প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার BJP যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি সুমিত চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে থানায় ১৫৩ A এবং ২৫৫ ধারায় মামলা করা হয়েছে। জানা গেছে, মহাসড়ক নির্মাণের জন্য হনুমান মন্দির ভাঙার প্রতিবাদে তিনি এই পোস্ট করেন।
প্রসঙ্গত, ইন্দো-ভুটান সীমান্তের জয়গাঁ থেকে ইন্দো-বাংলা সীমান্তের চ্যাংড়াবান্ধা পর্যন্ত মহাসড়ক নির্মাণের কাজ চলছে। সেকারণে ধুপগুড়ি ট্রাফিক মোড়ে একটি হনুমান মন্দির ভেঙে ফেলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। এরপরেই মন্দির ভেঙে ফেলার প্রতিবাদে ফেসবুকে পোস্ট করেন সুমিতবাবু।
সুমিতবাবুর দাবি, "আমি কোনও ভুল করিনি। আমি শুধুমাত্র একটা প্রশ্ন তুলেছিলাম। এতে কোনও ভুল আছে বলে আমার মনে হয় না।"
অন্যদিকে BJP-র যুব মোর্চার জেলা সহ সভাপতি শ্যাম প্রসাদ বলেন, " সুমিত সোশাল মিডিয়া সেলের জেলা কনভেনর। তার নেতৃত্বেই জেলা থেকে ২০০ জন অমিত শাহের সভায় যোগ দিতে যাচ্ছিল। যাতে ছেলেরা যেতে না পারে, তা আটকাতেই এমন চক্রান্ত করা হয়েছে।"

No comments:
Post a Comment