“পুরুলিয়া থেকে যে পদ্ধতিতে রাজ্যকে বিরোধীশূন্য করার প্রক্রিয়া শুরু হয়েছে, তা ভয়ংকর। সেই পদ্ধতির জায়গা গণতন্ত্র বা আমাদের সংবিধানে নেই।” আজ সকালে মালদায় এসে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিতে আজ সকালে মালদা পৌঁছান দিলীপ ঘোষ। ট্রেন থেকে স্টেশনে নেমে তিনি বলেন, অনেক লড়াই করে দলের বেশ কিছু প্রার্থী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন। সারা রাজ্য জুড়ে বিজেপির জয়ী প্রার্থীদের জোর করে তৃণমূলে সামিল করানোর চেষ্টা হচ্ছে। চারদিকে এক ভয়ংকর পরিবেশ। তৃণমূলের নেতা-মন্ত্রীরা প্রকাশ্যে বলছেন, রাজ্যকে তাঁরা বিরোধীশূন্য করে দেবেন। এতে স্বাভাবিকভাবেই সবার মনে ভয় দেখা দিয়েছে। এই অবস্থায় বিজেপির জয়ী প্রার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে মাসদুয়েকের জন্য তাঁদের বাইরে রাখা হয়েছে।”
দিলীপ ঘোষের আরও সংযোজন, “রাজ্যে এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এখানে নিরাপদ কেউই নয়। আরও কতজনের কপালে এসব লেখা রয়েছে কেউ জানে না। সরকারেরই সবাইকে সুরক্ষা দেওয়ার কথা। অথচ সেই সরকারই সন্ত্রাসকে বাড়াচ্ছে। এখানে সুরক্ষা বলে কিছু নেই। যে পদ্ধতিতে রাজ্যকে বিরোধীশূন্য করার প্রক্রিয়া শুরু হয়েছে, তা ভয়ংকর।”
সূত্র: ইনাডু

No comments:
Post a Comment