আস্থা অর্জনে আশাবাদী মোদী! মরিয়া বিরোধীরাও - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

আস্থা অর্জনে আশাবাদী মোদী! মরিয়া বিরোধীরাও


কেন্দ্রের বিরুদ্ধে আনা TDP(তেলুগু দেশম পার্টি)-র অনাস্থা প্রস্তাবের উপর আজ সংসদে ভোটাভুটি ও আলোচনা রয়েছে। আগামী লোকসভা নির্বাচনের আগে নিজেদের ক্ষমতা পরীক্ষা করে নিতে মরিয়া শাসক BJP ও বিরোধী শিবির। একদিকে শরিক এবং সমর্থক দলগুলির আস্থা অর্জনে আশাবাদী BJP। অন্যদিকে বিরোধীদের অন্যতম কংগ্রেসের পক্ষে প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি ইতিমধ্যেই শাসকশিবিরকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, "কে বলেছে আমাদের সংখ্যা নেই ?"

চলতি বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের বিরুদ্ধে আনা TDP-র অনাস্থা প্রস্তাব গ্রহণ করেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন। অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার দাবিকে কেন্দ্র করে এই প্রস্তাব উঠে আসে। এর ফলে ক্ষমতায় আসার পর এই প্রথম অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এর আগে ২০০৩ সালে অটলবিহারী বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকাকালীন শেষবার অনাস্থা ভোটের মুখোমুখি হয়েছিল NDA। সেবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আস্থা অর্জন করেছিল সরকার।
বিরোধীদের তোলা বিভিন্ন ইশুর মুখোমুখি হতে প্রস্তুত কেন্দ্র। সংসদে ইতিবাচক আলোচনা চেয়ে প্রধানমন্ত্রী বলেছেন, "আমি আশা করি, বাদল অধিবেশন সৃষ্টিশীল হয়ে উঠবে। গুরুত্বপূর্ণ ইশু নিয়ে আলোচনার জন্য সময়টাকে ব্যবহার করা হবে। সমৃদ্ধশীল আলোচনা রাজ্য বিধানসভাগুলির অনুপ্রেরণার কারণ হয়ে উঠবে। যে কোনও সদস্য, যে কোনও দল, যে কোনও বিষয় উত্থাপন করতে পারে। আমরা যথার্থ আলোচনার জন্য প্রস্তুত।"

শাসক শিবিরকে চাপ রাখতে সর্বতোভাবে চেষ্টা করছে বিরোধীরাও। ইতিমধ্যেই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধীরা ঐক্যমতে এসেছে।

যদিও তাদের লড়াই কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলের। কারণ, সংখ্যাতত্ত্বের বিচারে সুবিধাজনক অবস্থায় আছে শাসকশিবির। ২৬৮ ভোট পেলেই যেখানে আস্থা অর্জন করা যাবে, সেখানে BJP-রই সদস্য সংখ্যা রয়েছে ২৭৪। তাছাড়া ৫৩৫ আসনের মধ্যে এমনিতেই NDA-এ শিবিরে রয়েছেন ৩১২ জন(BJP-র ২৭৪ সহ) সদস্য।

এদিকে ভোটের মুখোমুখি হওয়ার আগে আজ প্রধানমন্ত্রী বলেন, "সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটা গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত, আমার সহকর্মী সাংসদরা গঠনমূলক এবং বিঘ্নমুক্ত আলোচনা নিশ্চিত করবেন। আমরা জনতা এবং সংবিধানের স্ট্রষ্টাদের কাছে ঋণী। ভারত আমাদের উপর নজর রাখবে।"

একনজরে দেখে নেব উভয় শিবির কে কোথায় রয়েছে :

BJP-র পক্ষে রয়েছে শরিক শিবসেনা(১৮), লোক জনশক্তি পার্টি(৬), শিরোমণি আকালি দল(৪), রাষ্ট্রীয় লোক সমতা পার্টি(৩), আপনা দল(২), পাট্টালি মাক্কাল কাচি(১), ন্যাশনাল পিপলস পার্টি(১), অল ইন্ডিয়া এন আর কংগ্রেস(১), জনতা দল ইউনাইটেড(২), সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট(১) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি(১)।

জোটমুক্ত দলগুলিতে রয়েছে মোট ৭৩টি আসন- AIADMK(৩৭), BJD(২০), TRS(১১), INLD(২) এবং ইন্ডিপেন্ডেন্টস(৩)।

বিরোধী শিবিরে রয়েছে কংগ্রেস(৪৮), তৃণমূল কংগ্রেস(৩৪), TDP(১৬) এবং অন্যরা। মোট ১৪৭টি আসন।

No comments:

Post a Comment

Post Top Ad