যেভাবে রণবীর হয়ে উঠলেন সঞ্জয় দত্ত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

যেভাবে রণবীর হয়ে উঠলেন সঞ্জয় দত্ত!


বলিউড সিনেমার সব রেকর্ড ভেঙে এক সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘সঞ্জু’। এক সপ্তাহে দুইশ কোটির বেশি ব্যবসা করেছে ছবিটি। সঞ্জয় দত্তের জীবনের একাধিক আলোচিত ও বিতর্কিত ঘটনাকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা রাজকুমার হিরানি। আর রঙিন জীবনের অধিকারী সঞ্জয় দত্তকে দারুণ সাবলীলভাবে ফুটিয়ে তুলে ক্যারিয়ারের সেরা অভিনয় উপহার দিয়েছেন রণবীর কাপুর।

কেমন ছিল সে অভিজ্ঞতা? মনে, প্রাণে, শরীরে সম্পূর্ণ একটা আলাদা মানুষ হয়ে ওঠা জীবনের অন্যতম অভিজ্ঞতা বলে জানিয়েছেন রাজকুমার হিরানির ‘সঞ্জু’। সঞ্জয়ের লুক পুরোপুরি না এলে ছবিটাই যে হতো না। কেমন করে ছবির জন্য ভোলবদল হয়েছে রণবীরের তার গোটাটাই ভিডিও আকারে সামনে এসেছে।‘সঞ্জু’ শুটিংয়ে একটার পর একটা লুক টেস্ট বাতিল। ছ’ঘণ্টা প্রস্থেটিক মেকআপ টিপের সামনে পোজ। ফাইনাল টেক ফ্লপ। রাত ৩ টায় আড়মোড়া ভেঙে উঠেই প্রোটিন শেকে চুমুক। তারপর সারাদিন ঘাম ঝরিয়ে জিমের ইনস্ট্রাকটরের আদেশ পালন। না পারলেই চোখ রাঙানি। নিজের ভিতরের রণবীরকে সরিয়ে রেখে আপাদমস্তক ‘সঞ্জু’ হয়ে ওঠার জার্নির কথা জানালেন রণবীর কাপুর।
রাজকুমার হিরানি বলেছেন, প্রথম চ্যালেঞ্জ ছিল সঞ্জয় দত্তের চরিত্রে কে অভিনয় করবে? এমন একজন যে চেহারায়, কথাবার্তা ও আদবকায়দায় পুরোপরি সঞ্জয় হবে। তার মতো করেই ভাববে।
রণবীর যে সেই জায়গায় একশতে একশ পেয়েছেন সে কথা অবশ্য বলতে ভোলেননি পরিচালক। তবে, রহস্যের মোড়ক খুলেছেন খোদ রণবীর। ২০১৬ সালে রাজকুমার হিরানির মেসেজ মোবাইল স্ক্রিনে ফুটে ওঠা থেকেই চমকের শুরু। প্রথমে নাকি চরিত্রের জন্য রাজি ছিলেন না রণবীর। পরে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন। শুরু হয় যুদ্ধ।
প্রথমেই শুরু হয় সঞ্জয় দত্তের মতো চেহারা ফুটিয়ে তোলার জন্য লুক টেস্ট। রণবীর জানিয়েছেন, প্রতি দিন অন্তত ছ’ঘণ্টা প্রস্থেটিক মেকআপ টিমের সঙ্গে আলোচনায় বসতে হতো। একটার পর একটা লুক টেস্ট বাতিল হয়েছে। ফাইনাল লুক প্রকাশ্যে আসার আগে কমপক্ষে ছয়বার নিজের লুক বদল করেছেন রণবীর।
অভিনেতা বলেছেন, ছ’ঘণ্টা চেয়ারে বসে পোজ দিতে হতো। মেকআপ নিয়ে আলোচনা চলতো। শেষে বলা হতো টেক ক্যানসেল। ফের পরের দিন একইভাবে বসতে হতো।
এতো গেল লুক টেস্ট। এর পর শারীরিক কসরত। রণবীরের কথায়, প্রতিদিন রাত তিনটেয় উঠে এক গ্লাস প্রোটিন শেক ছিল তার বরাদ্দ। তারপর ৮-৯টা মিল। সেই সঙ্গে জিম সেশন।
‘জিম করা আমার একেবারেই অপছন্দের। তবে এই বায়োপিকে চেহারার খুবই গুরুত্ব রয়েছে। সঞ্জয়ের মতো পেশী বানাতে আমাকে রীতিমতো চ্যালেঞ্জ নিতে হয়েছিল’ বলেছেন ‘সঞ্জু’র রণবীর। মাস খানেকের চেষ্টায় চেহারার পরিবর্তন দেখে নিজেই নাকি খুব অবাক হয়ে গিয়েছিলেন।
অভিনেতা বলেছেন, আমার শরীরে পেশির ঢেউ খেলছিল। জীবনে এমন চেহারার কথা ভাবিনি। সেটে সবাই আমাকে দেখে বলেছিল, এ বার আমরা সফল হতে চলেছি।
সফলও হয়েছেন তিনি। মুক্তির প্রথম সপ্তাহের মধ্যেই দুইশ কোটির ক্লাবে পা দিয়েছে ‘সঞ্জু’। কোণঠাসা অবস্থা থেকে বলিউডে আবার নিজের সিংহাসন ফিরে পেয়েছেন রণবীর।

No comments:

Post a Comment

Post Top Ad