মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগনা :সোনারপুর জুড়েই রমরমিয়ে চলছে বেআইনী গ্যাস কাটিংয়ের ব্যবসা ৷ প্রকাশ্যে জনবহুল এলাকাতেই এই ব্যবসা চললেও তা বন্ধ করতে উদ্যোগী হয়নি প্রশাসন ৷ একাধিকবার দুর্ঘটনা ও মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওযায় ক্ষোভ এলাকার বাসিন্দাদের ৷
সোনারপুর জুড়ে প্রায় ৫০টিরও বেশী জায়গায় রমরমিয়ে চলছে বেআইনী গ্যাসের ব্যবসা ৷ গ্যাস ডিস্ট্রিবিউটার ও ভ্যানচালকদের সাথে যোগাযোগ রেখে অতিসহজেই সিলিণ্ডার পেয়ে যাচ্ছেন এই অসাধু ব্যবসায়ীরা ৷ কোথাও ঘরের মধ্যে কোথাও আবার ফাঁকা জায়গাতেই বিপজ্জনকভাবে রাখা হচ্ছে সিলিণ্ডারগুলি ৷ কখনও আবার ভর্তি সিলিণ্ডার থেকে খানিকটা খানিকটা গ্যাস বের করে তাতে হাওয়া অথবা জল দিয়ে তা পৌঁছে যাচ্ছে সাধারণ গ্রাহকদের কাছে ৷ এই কারণে গোডাউনেই মজুত করা আছে ক্যাপ থেকে আরম্ভ করে নানান সরঞ্জাম ৷ অসাধু এক গ্যাস ব্যবসায়ীর কথায় সোনারপুর থানার বড়বাবুর নাম করে দুই ব্যাক্তি প্রতিমাসেই তাদের কাছ থেকে টাকা নিয়ে যান ৷ তাই নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন তারা ৷
বেআইনী এই গ্যস ব্যবসার মূল গ্রাহক অটোচালকরা ৷ পাম্প থেকে গ্যাস না ভরে তারা এইসব জায়গা থেকে বেশী অর্থ দিয়ে গ্যাস ভরেন ৷ তাদের দাবী পাম্পে ভেজাল গ্যাস দেওয়া হয় ৷ তাছাড়া সেই গ্যাসে মাইলেজ ১৪-১৫ কিলোমিটারের বেশী পাওয়া যায় না ৷ অন্যদিকে এই গ্যাসের দাম বেশী হলেও ১কেজি গ্যাসে অনায়াসে ২৫ কিলোমিটার যাতায়াত করতে পারেন তারা ৷
আতঙ্কের মধ্যেই পরিবারের সকলকে নিয়ে বসবাস করছেন সাধারণমানুষ ৷ পুলিশ ও রাজনীতির লোকজন জড়িয়ে থাকায় প্রতিবাদ জানাতেও ভয় পাচ্ছেন তারা ৷ আতঙ্কিত গলায় তাদের বক্তব্য সকলেই সব জানেন ৷


No comments:
Post a Comment