কলকাতা, ৬ আগস্ট: দমকলের পরবর্তী রিপোর্ট না পাওয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকছে প্রিয়া সিনেমা হল। সোমবার পুড়ে যাওয়া সিনেমাহল পরিদর্শনের পর এই নির্দেশই দিলেন ডিজি ফায়ার। তিনি বলেছেন, আগুনে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দোতলার অংশ। তারপরই ক্ষতি হয়েছে একতলায়। তার মধ্যে প্রিয়ার কর্ণধার অরিজিত দত্তর অফিসেই সব থেকে ক্ষতি হয়েছে।
একতলার যে মোমোর দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, সেখানে সেরকম কোনও ধ্বংসের ছবি দেখতে পাননি তাঁরা। তাই আগুন আদৌ ওই দোকান থেকে লেগেছিল নাকি অরিজিত দত্তর অফিস থেকে তা তদন্তের পরই জানা যাবে। ওই দোকানের লাইসেন্স যথাযথ রয়েছে।
ফরেনসিক দলের সংগৃহীত নমুনার রিপোর্ট খতিয়ে দেখেই হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডিজি ফায়ার।
এদিন সকালে ডিজি ফায়ারের নেতৃত্বে দমকলকর্মীরা ঘটনাস্থল খতিয়ে দেখেন। ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে সকাল থেকে। ওই মোমোর দোকানের চিমনিটি অত্যধিক গরম ছিল। সেটিও পরীক্ষা করেন দমকলের অফিসাররা। রবিবার নাইট শো চলাকালীন আগুন লাগে প্রিয়া হলে। সেসময় কমপক্ষে ৪০ জন দর্শক ছিলেন হলের ভিতর। এছাড়া হলকর্মীরা, হল লাগোয়া দোকানের কর্মীরাও ছিলেন। আগুনের ফলে উপরে আটকে পড়েন অরিজিত দত্তের পরিবার। পরে সবাইকে নিরাপদে উদ্ধার করে আনা হয়।

No comments:
Post a Comment